
কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয় SFI ও ABVP-র মধ্যে তীব্র সংঘর্ষকে কেন্দ্র করে। বইয়ের স্টল দেওয়াকে ঘিরে শুরু হওয়া এই উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, তাদের ‘সংগ্রামী বইপত্র’ কর্মসূচির বুক স্টল লক্ষ্য করে চকোলেট বোমা ফাটানো হয়, ডিম ও ইট-পাটকেল ছোড়া হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কলেজ স্ট্রিটে গিয়ে বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
মঙ্গলবার থেকেই কলেজ স্ট্রিট এলাকা ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। সে দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বুধবার সকাল থেকেই দফায় দফায় SFI এবং ABVP কর্মীদের মধ্যে মুখোমুখি সংঘাত শুরু হয়। অভিযোগ, SFI পুলিশের অনুমতি নিয়ে বইয়ের স্টল বসালে ABVP-ও স্টল দেওয়ার দাবি তোলে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে টেবিল-বেঞ্চ বের করে রাস্তায় বই সাজায়। এরপর দুই পক্ষের মধ্যে কটুক্তি ও হাতাহাতি শুরু হয় পুলিশের উপস্থিতিতেই। দুপুরে বিমান বসু কলেজ স্ট্রিটে গেলে ABVP-র বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান তোলা এবং আপত্তিকর স্লোগান ও মন্তব্য করার অভিযোগ তোলে বামেরা। সন্ধ্যা নামতেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যখন বইয়ের স্টল লক্ষ্য করে ঢিল, ইট, জলের বোতল ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ ওঠে এবং প্রাণ বাঁচাতে কর্মীদের প্লাস্টিকের চেয়ার মাথায় ঢেকে থাকতে দেখা যায়।
পুরো ঘটনা প্রসঙ্গে বামেদের তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বইটই কিছু নয়, নির্বাচনে হেরে হাফ হার্টেড হয়ে এসব করা হচ্ছে। তাঁর কথায়, বামেরা ভোটে যেতে না পেরে নোটার সঙ্গে লড়াই করছে এবং মাঠে-ঘাটে নেই। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দম থাকলে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্ন ছেড়ে বই চিহ্নে ভোটে লড়ে দেখাক এবং একজনেরও সিকিউরিটি মানি বাঁচলে তখন বোঝা যাবে মানুষ কার সঙ্গে আছে।
অন্যদিকে, রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনায় খানিকটা সংযত ও ভিন্ন সুরে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ছাত্রদের বয়স কম, এমন ঘটনা একটু ঘটেই এবং এখানকার আন্দোলন কোনোদিনই নিরামিষ ছিল না। শমীক ভট্টাচার্যের দাবি, ABVP তাঁদের ছাত্র সংগঠন নয়, বরং একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন, তাই এ নিয়ে টানাটানির কিছু নেই; যদিও তিনি স্বীকার করেন যে তাঁরা একই বিচার পরিবারের সদস্য।
সংঘর্ষ ও বিক্ষোভের মাঝেও মেজাজ না হারিয়ে কটাক্ষের সুরে বিমান বসু বলেন, তিনি সেখানে বই বিক্রি করতে যাননি। তিনি আরও মন্তব্য করেন, যাঁরা স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছেন, তাঁদের বই পড়তেই হবে। বিমান বসুর মতে, উজবুকের মতো যাঁরা কথা বলছেন, তাঁরা যে কোনো মন্তব্য করতে পারেন, কিন্তু যেহেতু তাঁরা একটি শিক্ষা সংগঠনের সঙ্গে যুক্ত এবং ওই আদর্শে শিক্ষক থেকে উপাচার্যও বিশ্বাসী হতে পারেন, তাই এমন আচরণে ওই সংগঠনেরই চূড়ান্ত বদনাম হয়েছে। পুলিশ ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে।







