এক টেবিলেই মধ্যাহ্নভোজ ৩ প্রার্থীর, সৌজন্যের সেরা বিজ্ঞাপন বারাসাতে

একই টেবিলে গোল করে বসে খোশগল্পে মেতেছেন ছ’জন। সামনে ছ’টি প্লেট সাজানো। তাঁরা হলেন বাম, গেরুয়া ও শাসকদলের প্রার্থী ও নেতা। পুরভোটের গনগনে আঁচের মধ্যেও কব্জি ডুবিয়ে খেলেন সকলেই। সরু চালের ভাত সঙ্গে মুরগির কষা মাংস। খাবার টেবিলে বসেই একে অন্যকে নেমতন্ন করলেন বাড়িতে এসে চা খাওয়ার। রবিবারের দুপুরে বারাসাতে ৩০ নম্বর ওয়ার্ডের এই দৃশ্য চমকে দিয়েছে সবাইকে। কারণ ভোটের দিন বিবদমান তিন শিবিরের কাণ্ডারীদের এভাবে এক টেবিলে কবে দেখা গিয়েছে, মনে করতে পারলেন না কেউ। সৌজন্যের এমন নজির আগে দেখেনি বারাসাত। তবে যেই জিতুন না কেন, বাকিরা তাঁর সহযোগী হয়েই এলাকার উন্নয়নে হাত লাগাবেন, সেই স্বগতোক্তিও শোনা গিয়েছে ওই টেবিলে।
বারাসাত পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী অশনি মুখোপাধ্যায় দলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতিও বটে। এখানে বিজেপির প্রার্থী শুভঙ্কর সেন ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সুভাষ মুখোপাধ্যায় এবারই প্রথম লড়ছেন পুরভোটে। ভোট নিয়ে কোনও পক্ষেরই কোনও অভিযোগ নেই।







