রাজ্য

ভাইপোতেই আস্থা রাখলেন মমতা, অভিষেক ফের হলেন TMC -র সাধারণ সম্পাদক

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে গত সপ্তাহে তৃণমূলের সব জাতীয় কমিটি ভেঙে দেওয়া হয়। ওইদিনই ২০ সদস্য বিশিষ্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।

শুক্রবার কালীঘাটে মমতার বাড়িতে ওয়ার্কিং কমিটি জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে বৈঠকে বসে। বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়কেই বেছে নেওয়া হয়েছে।

২০২১ সালের জুনে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু গত রোববার দলের সকল পদ বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্ত করার পর তৃণমূলের একাধিক নেতা ব্যাখ্যা দেন, দলের মধ্যে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি নিয়ে যে বিরোধ এবং বিতর্ক চলছিল, তার জেরেই মমতার ভাইপো অভিষেক সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিতে পারেন এমন গুঞ্জন ছিল। সেই কারণেই এক ধাক্কায় তৃণমূল সভানেত্রী সমস্ত পদ বিলুপ্ত করেন।

শুক্রবার কালীঘাটে বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মলয় ঘটকের সঙ্গে কথা বলেন মমতা। বৈঠকের আগে মোট তিন দফায় আলোচনা করেন।

তৃণমূল সূত্রে খবর,অভিষেকের নেতৃত্বে জাতীয় স্তরে থাকছে তৃণমূলের একাধিক কমিটি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকবেন অভিষেকই। পাশাপাশি তিনজন নেতাকে করা হলো সহ সভাপতি।

তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হয়েছে, সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার ও মহুয়া মৈত্রকে। বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা দেন- উত্তর-পূর্ব রাজ্যগুলো দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

Back to top button