দেশ

হিজাব বিতর্কে ইন্ধন জুগিয়েছে কংগ্রেস, ইউনিফর্ম নিয়েও প্রচার করেছে ভুল তথ্য : বিজেপি নেতা

হিজাব বিতর্কে বাড়ছে রাজনৈতিক বিতর্কও। কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে একে একে মুখ খুলছেন দেশের বিভিন্ন নেতা ও মন্ত্রীরাও। হিজাব বিতর্ক রাজ্যের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। আর আন্তর্জাতিক মহলেও হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি দায়ী করেছেন কংগ্রেসকেই। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন ‘ হিজাব বিতর্কে ইন্ধন জুগিয়েছে কংগ্রেসই এবং ইউনিফর্ম নিয়েও ভুল তথ্যের প্রচার চালিয়েছ। ‘

প্রসঙ্গত, প্রসঙ্গত, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক থামছেই না। গত জানুয়ারি মাসে রাজ্যটির উদুপি জেলায় হিজাব পরিহিত ৫ ছাত্রীকে কলেজে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্কের শুরু হয়েছিল, তা উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের কারণে গত সপ্তাহে রাজ্যজুড়ে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে গত সোমবার থেকে কর্ণাটকে ফের স্কুল খুলেছে। এসময় রাজ্যটির একাধিক স্কুলে হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। এরইমধ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কর্ণাটকে প্রি-ইউনিভার্সিটি ও ডিগ্রি কলেজগুলো খুলেছে এবং এদিনও হিজাব পরিহিতা ছাত্রীদের ভেতরে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অন্যদিকে বুধবার ফের হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাইকোর্টে শুনানি শুরু হবে। রাজ্যে শান্তি বজায় রাখতে বাগালকোট, ব্যাঙ্গালোর, চিক্কাবাল্লাপুরা, গাদাগ, শিবমোগা, তুমকুর, মাইসোর, উদুপি ও দক্ষিণ কন্নড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এনডিটিভি বলছে, উত্তর কর্ণাটকের বিজয়পুরা জেলায় অবস্থিত গভর্নমেন্ট পিইউ কলেজে বুধবার হিজাব পরিহিত অবস্থায় কোনো ছাত্রীকেই শ্রেণিকক্ষের ভেতরে ঢুকতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। যদিও এই কলেজটিতে আগে হিজাব পরেই শ্রেণি শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারতেন ছাত্রীরা।

অবশ্য গভর্নমেন্ট পিইউ কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরার ব্যাপারে আদালতের দেওয়া অন্তর্বর্তী আদেশই পালন করছেন তারা। তবে ছাত্রীদের অভিযোগ, বোকা বা হিজাব পরে যে শ্রেণিকক্ষে প্রবেশ করা যাবে না সেটি আগে থেকে তাদেরকে অবহিত করেনি কলেজ কর্তৃপক্ষ।

এএনআই’কে বুধবার কর্ণাটকের এক মুসলিম ছাত্রী বলেন, আমরা ক্লাস করতে এসেছি। কিন্তু কর্তৃপক্ষ বলছে, ভেতরে ঢুকতে হলে বোরকা ও হিজাব খুলতে হবে। আমরা বোরকা খুলে ক্লাসে প্রবেশ করতে রাজি আছি, কিন্তু হিজাব খুলবো না।

বুধবার কর্ণাটকে কলেজ খোলার পর রাজ্যজুড়ে একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে। কর্ণাটকের শিবমোগায় ৩০ জন মুসলিম ছাত্রী হিজাব পরে আসায় তাদেরকে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে হিজাব খুলতে বলায় তারা কলেজ চত্বর থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

মুসলিম শিক্ষার্থীদের দাবি, এতোদিন তারা ক্লাসরুমে হিজাব পরেই আসতেন। কিন্তু কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের পরই বুধবার তাদের হিজাব পরে প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষের কথা অনুযায়ী ছাত্রীরা হিজাব খুলতে অস্বীকার করে এবং কলেজ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়।

Back to top button