ফের নতুন টুইস্ট! মিঠির বিয়ে আটকাতে ছদ্মবেশে মণ্ডপে হাজির সিড-মিঠাই, প্রকাশ্যে মিঠির মহাবিবাহের প্রোমো

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। দীর্ঘ দুই বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের আনন্দিত করে তুলছে। জি বাংলার পর্দায় জনপ্রিয় এই সিরিয়ালকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টিআরপি কমলেও জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, মোদক পরিবারে একেরপর এক প্রজেক্ট যেন লেগেই আছে। মাঝে মিঠাই রানীর অনুপস্থিতিতে সেই প্রজেক্টে বন্ধ হয়ে গিয়েছিল। তবে মোদক পরিবারে ফিরেছে মিঠাই রানী। মিঠাই ফিরতেই ধীরে ধীরে আবারও হল্লা পার্টি ফিরছে পুরোনো মেজাজে। তবে সকলেই এখন ব্যস্ত সোম-তোর্সার জীবনের শান্তি ফিরিয়ে আনতে। এরই মাঝে প্রকাশ্যে এল সিরিয়ালের নতুন একটি প্রোমো। সেই প্রোমোতে দেখা যাচ্ছে মিঠি রয়েছে বিয়ের মণ্ডপে।
নতুন প্রোমো দেখে দর্শকরা অবাক হয়ে গেছেন! তারা ভাবছেন হঠাৎ করে মিঠির বিয়ে কিভাবে হচ্ছে। ভাইরাল ওই প্রমোতে দেখা যাচ্ছে কনের সাজে সাতপাকে ঘুরছে মিঠি। আর তখনই সেখানে ছদ্মবেশে হাজির হয় সিড, মিঠাই ও রাজীব। আর মিঠাই মিঠিকে বলে চলে আয় মিঠি তোর জন্য অন্য পাত্র অপেক্ষা করছে। এই কথা শুনে মিঠি বিয়ের মণ্ডপ থেকে ছুটে এসে অটোতে গিয়ে বসে। আর তখন মিঠিকে একজন লোক বাধা দিতে আসলে সেই মুহূর্তে সিড বন্দুক হাতে তাকে রুখে দেয়।
খুব সম্ভবত মিঠির বাবা মিঠিকে জোর করে মনোহরা থেকে নিয়ে এসে তারই পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিতে যায়। তবে এই বিয়েতে মিঠির মত ছিল না। এই কারণে হল্লা পার্টি একেবারে প্রজেক্ট করে মিঠিকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে আসে। এখন দেখার পালা সিরিয়ালের পর্বে আর কী চমক আসতে চলেছে।







