রাক্ষসী রানীর বেশে ‘পচা আন্টি’কেই দেখলো সোনা-রূপা! মিশকার এই নতুন রূপ দেখে বেশ মজা করছে দর্শক

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো ‘অনুরাগের ছোঁয়া’।ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন নতুন চমক।ঠিক সেই কারণেই একাধিকবার বেঙ্গল টপারের শিরোপা জিতে নিয়েছে এই ধারাবাহিকটি।এবার সূর্য -দীপার ধারাবাহিকেই এমন একটি মোড় এসেছে যা দেখে হাসি থামা দায় হয়ে গিয়েছে দর্শকদের।
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, মিশকার ষড়যন্ত্রের কারণে বহুদিন ধরে সূর্য ও দীপাকে আলাদা থাকতে হয়।তবে এবার কোর্টের আদেশে এক ছাদের তলায় থাকছে তাঁরা।
সূর্য-দীপার ডিভোর্স করাতে গিয়ে অজান্তেই তাঁদের আরও কাছাকাছি এনে ফেলেছে মিশকা। কোর্টের নির্দেশে একসঙ্গে থাকতে হচ্ছে সূর্য-দীপাকে। ফলে তাদের মধ্যেকার মান-অভিমানও একটু একটু করে কমতে শুরু করেছে। শীঘ্রই ধারাবাহিকে দেখা যাবে, সূর্যর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে দীপা।
সূর্য অবশ্য প্রথমে দীপার সঙ্গে থাকতে রাজি হয়নি।অবশেষে কোর্টের আদেশ মানতে হয় সূর্যকে। সেই জন্য সোনা -রূপাকে সেনগুপ্ত বাড়িতে রেখে দীপার বাড়ির উদ্দেশে রওনা হয় সূর্য। ওদিকে আবার মা-বাবাকে ছাড়া থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে ছোট্ট সোনা-রূপার। তাই তাদের মন ভালো রাখতে কোনো খামতি রাখেনি সেনগুপ্ত পরিবারের সদস্যরা।
সোনা-রূপার মন ভালো করতে সেনগুপ্ত বাড়ির সকলে লালকমল-নীলকমল নাটকের আয়োজন করে। সেখানে সোনা সেজে ওঠে লালকমলের বেশে, অন্যদিকে রূপাকে দেখা যায় নীলকমল হিসেবে। তবে রাক্ষসী রানীর চরিত্রতে চমক রয়েছে। সোনা-রূপার ‘পচা আন্টি’ অর্থাৎ মিশকাকে রাক্ষসী রানী হিসেবে দেখা গিয়েছে।বাস্তবে এমনটা হয়নি।মিশকাকে রাক্ষসী রানী হিসেবে কল্পনা করেছে সোনা ও রুপা । কারণ এই চরিত্রটির সঙ্গে ‘পচা আন্টি’রই সবচেয়ে বেশি মিল খুঁজে পেয়েছে তারা।







