বিনোদন

ক্যারিয়ারের শুরুতে ‘কালো-মোটা’ বলে ডাকতো সবাই! বলিউডে কটূক্তির শিকার হয়েছিলেন কাজল

১৯৯২ সালে মাত্র ১৭ বছর বয়সে ‘বেখুদি’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে কাজলের। যদিও প্রথম সাফল্য আসে ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমা দিয়ে। ৯০-এর দশকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের দিক থেকে সাফল্য এলেও নিজের শ্যামলা গায়ের রঙের কারণে কম সংগ্রামের মুখে পড়তে হয়নি তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন অজয় দেবগন-পত্নী।

এক চ্যাট শো-তে কাজল বলেছেন, সেইসময় অনেকেই তাঁকে ‘মোটা’, ‘কালো’ বলে ডাকত; এবং এমন একজন যে সারাক্ষণ চশমা পরে থাকে। যদিও এসব নিয়ে খুব একটা ভাবিত হতেন না তিনি। কারণ মনে মনে জানতেন তিনি কুল, স্মার্ট। সবমিলিয়ে তাকে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করছে, তাদের থেকে নিজেকে অনেক ভালো মনে করতেন তিনি।

তবে কাজল স্বীকার করেছেন যে নিজের গায়ের রংকে ভালোবাসতে অনেকটা সময় লেগে গিয়েছিল তার। তিনি যে প্রকৃতই সুন্দরী এটা বিশ্বাস করতেও সময় লেগেছিল। কাজলের কথায় ৩২-৩৩ বছর বয়সে গিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বলা শুরু করেন যে তিনি যথেষ্ট সুন্দর দেখতে।

কাজলের কথায়, ‘ওই যে সবাই বলে তুমি ততক্ষণ দেখনদারি করবে, যতক্ষণ না তুমি বিশ্বাস করবে। এবং অবশেষে তুমি এটা করতে পারবে।’

তবে বলিউডের অন্দরে কানাঘুষো রয়েছে, ত্বক ফরসা করার সার্জারির সাহায্য নিয়েছেন কাজল। যদিও সে দাবি আগেই নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।

ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়ে কাজল বলেছেন, একসময় টানা সূর্যের তাপের নিচে কাজ করেছিলেন যা তাকে ট্যান করে দিয়েছিল। তবে বর্তমানে অনেকদিন ধরেই তিনি সূর্যের আলো থেকে দূরে থাকায় গায়ের রং একটু বিবর্ণ লাগে।

Back to top button