বিনোদন

সব টাকা শেষ! বন্ধ হয়ে গিয়েছে রোজগারপাতি, চরম দুর্দশায় পড়লেন ‘বাদাম কাকু’

ভারত-বাংলাদেশ সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়েছিল তার গান। এক সময় গান গেয়ে বাদাম বিক্রি করতেন। বাদাম বিক্রেতা থেকে আজ তিনি সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। তার গান তাকে পৌঁছে দিয়েছে অসংখ্য মানুষের কাছে। তিনি হলেন সোশ্যাল মিডিয়ার সুপারস্টার ভুবন বাদ্যকর। তার ‘কাঁচা বাদাম’ গানের সুবাদে গত দুই বছর ধরে অনেক খ্যাতি, নাম-যশ এবং অর্থ উপার্জন করেছেন তিনি। তার গানের টানে তার সঙ্গে দেখা করেছেন দেশ-বিদেশের বহু জনপ্রিয় ইউটিউবার।

তবে সেই গানই এখন তার চরম দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। গানের উপর কপিরাইট চালু হওয়াতে নিজের গান গেয়ে আর উপার্জন করতে পারছেন না তিনি। ভাইরাল হওয়ার পর হাতে কিছু টাকা জমতেই বাদাম কাকু একে একে বাড়ি থেকে গাড়ি পেয়ে যান। বেশ রূপকথার মতই এগোচ্ছিল তার দিনগুলো। কিন্তু গোল বাঁধলো ‘কাঁচা বাদাম’ গানটিকে বিক্রি করে দেওয়ার পর থেকেই।

‘বাদাম কাকু’ জানিয়েছেন গোপাল ঘোষ নামের এক ব্যক্তি তার কাছ থেকে ‘কাঁচা বাদাম’ গানটি কেনার সময় বলেছিলেন তিনি প্রত্যেক মাসে ৪০ হাজার টাকা করে দেবেন। কোনও মাসে হয়ত একটু কম হতে পারে। এই বলে প্রথম মাসে তিনি ৩৯ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু এরপর আর কোনো টাকা পাননি বলে দাবি করেছেন ভুবন বাদ্যকর। প্রথমবার পাওয়া সেই ৩৯ হাজার টাকা এখন শেষের মুখে। বাদাম কাকুর হাতে এখন কোনও টাকা নেই।

‘কাঁচা বাদাম’ গান সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও পোস্ট করলেই কপিরাইটে আটকে দেওয়া হচ্ছে। এরফলে রোজগারপাতি বন্ধ হয়ে গিয়েছে তাঁর। এছাড়া তার হাতে এখন শো আসাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন ‘বাদাম কাকু’। তার কাতর আর্তি, “আমায় বাঁচান, যে কটা টাকা আছে সেটা দিয়ে সংসার চলবে না।” চরম দুর্দশায় পড়েছেন ‘বাদাম কাকু’। তার অভিযোগ শুনে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Back to top button