পরা যাবে না ছেঁড়া জিন্স, কলেজের পোশাক নিয়ে শুরু বিতর্ক বাংলায় !

এবার ভারতের কলকাতার কলেজে পোশাক বিতর্ক! ছেঁড়া জিন্স পরে কলেজে আসা যাবে না। আদেশ অমান্য হলেই হাতে ধরিয়ে দেয়া হবে টিসি। এমনই নোটিস নাকি দেয়া হয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে। খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
কলেজের দেওয়ালে লাগানো হয়েছে নোটিস। ছাত্র-ছাত্রী ও কলেজের কর্মীদের উদ্দেশে জানানো হয়েছে, কেউ যেন ছেঁড়া পোশাক বিশেষত ছেঁড়া জিন্স পরে কলেজে না আসেন।
এমন পোশাককে রূচিবিরূদ্ধ আখ্যা দেয়া হয়েছে। যদি ছেঁড়া জিন্স বা পোশাক পরে আসা হয় তাহলে টিসি পর্যন্ত দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। নোটিসের নিচে অধ্যক্ষের সইও দেখা যাচ্ছে।
যদিও এই নোটিস আদৌ কতটা সত্য সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। কলেজের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্যদিকে শোনা যাচ্ছে, কলেজের দেওয়ালে এই নোটিস দেখার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।







