দেশ

বিজেপি জিতলে রাজনীতিকে বিদায় জানাবে আপ, চ্যালেঞ্জ জানালেন অরবিন্দ কেজরিওয়াল

পাঞ্জাব দখলের পর থেকেই বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে আম আদমি পার্টি (আপ)। গুজরাতের পাশাপাশি দিল্লির পুরসভা ভোটকেও পাখির চোখ করেছে তারা। পুরভোট ‘ঝুলিয়ে’ রাখা ইস্যুতে বুধবার মোদি সরকারকে একহাত নিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর চ্যালেঞ্জ, ‘বিজেপি যদি সময়মতো পুরভোট করে জিততে পারে, তাহলে আপ রাজনীতিকে বিদায় জানাবে।’ তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেননা মঙ্গলবারই উত্তর, পূর্ব ও দক্ষিণ দিল্লির এই তিনটি পুরসভাকে একত্রিত করা নিয়ে বিলের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদে চলতি বাজেট অধিবেশনে এই বিল পেশ হওয়ার কথা। এদিকে, রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে দিল্লির পুরভোট। ইতিমধ্যে পুরভোট নিয়ে আইনি পরামর্শ নিয়েছে নির্বাচন কমিশন। বিলটি সংসদে পেশ না হওয়া পর্যন্ত কমিশনকে নির্বাচন ঘোষণা না করার পরামর্শ দিয়েছেন আইনি বিশেষজ্ঞরা। আগামী ৮ এপ্রিল পর্যন্ত সংসদে বাজেট অধিবেশন চলবে। তারপরেই দিল্লি পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।

পাঞ্জাব দখলের পর দিল্লির পুরভোট নিয়েও আত্মবিশ্বাস তুঙ্গে কেজরিওয়ালের। তাঁর কটাক্ষ, ‘বিজেপি এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল। কিন্তু তারা একটি ছোট রাজনৈতিক দলকে ভয় পাচ্ছে। বিজেপি যাতে সময়মতো পুরভোট করতে পারে সেই সাহস না হয় আমরাই জোগাচ্ছি।’ পাশাপাশি তিনি টুইটারে লিখেছেন, ‘পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার অর্থ হল, শহিদদের অপমান করছে বিজেপি সরকার।’

Back to top button