রামপুর হাট নিয়ে উত্তেজনা তুঙ্গে, পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার যাচ্ছেন মমতা

বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সমালোচনার জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, তারা সরকারে আছেন, তারা কি চাইবেন কেউ বোমা মারুক। যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার পর ৫০ বার ফোন করেছেন। ওসি ও এসডিপিও-কে সরিয়ে দিয়েছেন।
দুষ্কৃতকারীদের ছোড়া বোমার আঘাতে সোমবার (২১ মার্চ) রাতে প্রাণ হারান তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ। তিনি পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন।
তার হত্যাকাণ্ডের পর সেদিন রাতেই রামপুরহাটে ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। রয়েছে দুই শিশুও। এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বীরভূমে।
এদিকে, ঘটনা তদন্তে মাঠে নেমেছে রাজ্য পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।







