রাজ্য

টিভি ফেটে তিন-চারটি বাড়িতে আগুন লেগেছিল: অনুব্রত মন্ডল

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আগুনে পুড়ে ১০ জন নিহত হয়েছে। বীরভূমের রামপুরহাটে স্থানীয় এক তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় সেখানে সহিংস পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনার জেরে রামপুরহাটের বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ বাড়িগুলো থেকে দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু শেখ রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে।

গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু শেখ। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুর্বৃত্ত। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদু শেখকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মূলত এরপর থেকেই সহিংস পরিস্থিতি তৈরি হয় ওই গ্রাম। একের পর এক বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে দমকল সূত্রে খবর। একটি বাড়িতেই সাত জন ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাতে তিন জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করার পর আজ মঙ্গলবার সকালে আরও সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই সাত জনই একটি বাড়িতে ছিল। দমকলের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘তিন-চারটি বাড়িতে আগুন লেগেছিল। টিভি ফেটে আগুন লাগে। দমকল ও পুলিশ গিয়েছিল। পুলিশ তদন্ত করে দেখুক, তারপর পুরো বিষয় জানা যাবে। তবে উপপ্রধান খুনের সঙ্গে এর যোগ থাকতে পারে। গতকালের ঘটনার সঙ্গে এর যোগ থাকতে পারে।’

Back to top button