শেষ পর্যন্ত আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরভজন! শুরু রাজনৈতিক জল্পনা

কংগ্রেস বা বিজেপি দুই দলেই যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল এর আগে। তবে তা গুঞ্জনই রয়ে গেল। বাস্তব হলো- আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। একইসাথে পার্টির হয়ে রাজ্যসভাতেও যেতে পারেন তিনি।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আগামী মাসেই অন্তত পাঁচজনকে রাজ্যসভায় পাঠাবে অরবিন্দ কেজরিওয়ালের দল। এই পাঁচজনের মধ্যে একজন হতে চলেছেন হরভজন। শুধু তাই নয় হরভজনকে পাঞ্জাবের প্রস্তাবিত স্পোর্টস বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব দেয়া হতে পারে।
সদ্যই শেষ হওয়া পাঞ্জাব ভোটে আম আদমির অভাবনীয় সাফল্য দেখেই তিনি সেদিকে ঝুঁকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে তিনি রাজনীতিতে আসবেন সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। বিভিন্ন জাতীয় ইস্যুতে তার সরব হওয়া অন্তত তাই প্রমাণ করে। করোনাকালে লকডাউনের সময় অভিবাসী শ্রমিকদের দুর্দশা বা সাম্প্রতিককালের কৃষক বিক্ষোভের মতো ইস্যুতে নিজের মতো অবস্থান নিয়েছেন হরভজন। তখন থেকেই মূলত তার রাজনীতে আসার জল্পনা শুরু হয়।
তবে কোন দলে যোগ দেবেন, তা নিয়ে বেশ সংশয়ই ছিল। কেননা, প্রথমে শোনা যাচ্ছিল হরভজন বিজেপিতে যোগ দিতে পারেন। পাঞ্জাবের এক বিজেপি নেতা প্রকাশ্যে দাবিও করেছিলেন, তারা হরভজনের সাথে যোগাযোগ করছেন। কিন্তু হরভজন সে সময় নিজেই সেই জল্পনা উড়িয়ে দেন। প্রায় একই সময়ে হরভজনের কংগ্রেসে যোগ দেয়া নিয়েও জল্পনা ছড়ায়। কংগ্রেসের তৎকালীন প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধুর সাথে প্রায় এই সময়ই দেখা করেন ভাজ্জি।
দুইজনের একটি ছবি সিধু নিজেই পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। ক্যাপশনে সিধু লেখেন, ‘এই ছবিটি খুব সম্ভাবনাময়।’ তবে তার ছবি ও বিজেপি নেতার প্রকাশ্য দাবি কোনটাই সম্ভবনার আলো দেখল না। হরভজন ভিড়লেন ভিন্ন নৌকায়।







