দেশ

যোগী ‘প্রায় নিশ্চিত’, তবে বাকি ৩ রাজ্যে কারা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? জেনেনিন বিস্তারিত

সদ্যই শেষ হলো ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যে পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) বিজয়ী হলেও বাকি চার রাজ্যে নিজেদের দখল নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। যেখানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর মসনদে বসা প্রায় নিশ্চিত। অন্য তিন রাজ্য উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে কারা হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী, তা ঠিক করতেই মঙ্গলবার রাতে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপির দলীয় সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, আসছে হোলি পূর্ণিমা ঘিরেই জয় পাওয়া চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণার প্রাথমিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জে পি নড্ডা, সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ উপস্থিত ছিলেন।

মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ ও বিশ্বজিৎ সিংহের মধ্যে ক্ষমতা দখল নিয়ে টানাপড়েন তুঙ্গে। জানা গেছে, নিজের ক্ষমতা প্রদর্শনে ভোটের ফলাফলের পরে জয়ী বিধায়কদের নিয়ে চা-চক্রের আয়োজন করেছিলেন বীরেন। তাতে অনুপস্থিত ছিলেন বিশ্বজিৎ। তার দাবি, জয়ী বিধায়কদের মাত্র ৯ জন ওই চা-চক্রে যোগ দিয়েছিলেন।

অন্যদিকে বীরেন শিবির বলছে, ওই চা-চক্রে অন্তত ২৬ জন বিধায়ক উপস্থিত ছিলেন। যদিও এরইমধ্যে দুপক্ষকেই দিল্লিতে তলব করেছে বিজেপি। বুধবার (১৬ মার্চ) দিল্লিতে যাওয়ার কথা যোগী আদিত্যনাথেরও।

এদিকে গোয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তকে চ্যালেঞ্জ দিচ্ছেন বিজেপি আরেক বিশ্বজিৎ। দলীয় সূত্র বলছে, রাজ্যের ভালপোই কেন্দ্র থেকে জয় নিয়ে আসা বিশ্বজিৎ রাণে এ রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে। অন্যদিকে নিজের কেন্দ্রে মাত্র এক হাজার ভোটে জিতে আসা প্রমোদের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলে দল।

Back to top button