ক্যামেরার সামনেই হাঁটু গেড়ে ঐন্দ্রিলাকে প্রপোজ, রোমান্টিক মুহূর্ত দেখে মুগ্ধ ফ্যানেরা

দীর্ঘ প্রায় ১১ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। পয়লা বৈশাখের দিন তাদের ‛লাভ ম্যারেজ’ ছবি রিলিজ হয়েছে। এর আগে তারা চুটিয়ে ছবির প্রমোশন করেছেন। পাশাপাশি এই ছবির সাথে সাথে সকলেরই প্রশ্ন তারা কবে বিয়ে করবেন। তাদের কাছের মানুষ থেকে টলিউডের সকলেই পড়েছেন তাদের বিয়ে দেওয়ার জন্য।
তবে, এবার ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে অঙ্কুশ নিজের মুখেই জানালেন তাদের বিয়ের কথা। অভিনেতা বলেছেন যে, আমি সবসময়ই বলি জি বাংলা আমার কাছে একটা পরিবারের মতো। সুতরাং জি বাংলার মঞ্চেই বলছি আর ক্যামেরার সামনেই বলছি এই বছরই আসল বিয়েটা হবে। এরপরই ঐন্দ্রিলার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন অঙ্কুশ। এমনকি একটা হাত ধরে দেন বিয়ের প্রস্তাব।
অভিনেতা বলেন যে, ‘উইল ইউ ম্যারি মি?’। অঙ্কুশের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেননি ঐন্দ্রিলা। বরং বিচারকের আসনে থাকা শুভশ্রী, পূজা ও মিঠুনের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘কী বলব, হ্যাঁ বলব কি না?’ শুভশ্রী মাইক হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকেন, ‛ইয়েস, ইয়েস, ইয়েস’।
এমনকি মিঠুনও চোখের ইশারায় সম্মতি দেন। আর তারপরই মুচকি হেসে সম্মতি দেয় ঐন্দ্রিলা। আর তারপর অঙ্কুশও ঐন্দ্রিলার কপালে চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরেন।







