বিনোদন

‘কুছ কুছ হোতা হ্যায়’-এ প্রথমবার মিনি স্কার্ট পরেই বাজিমাত রানীর, কেমন অভিজ্ঞতা ছিল নায়িকার?

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একসঙ্গে দেখা যায় রানী মুখার্জি ও কাজলকে। গতকাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেখা হয় দুই তারকার। সেখানে কাজল রানীর কাছে জানতে চান ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ তাঁর মিনি স্কার্ট পরা নিয়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘কোই মিল গায়া’ গানে মিনি স্কার্টে নাচতে দেখা যায় রানী মুখার্জিকে। সে প্রসঙ্গ তুলে কাজল সহশিল্পী রানীর উদ্দেশে বলেন, ‘যখন আমি তাঁকে দেখেছিলাম, ভেবেছিলাম, দেখে মনে হচ্ছে সে নড়তেই পারবে না। সে এটা কীভাবে পরল! কিন্তু সে দারুণ পারফর্ম করেছিল, খুবই স্বাচ্ছন্দ্য আর উজ্জ্বল।’

উত্তরে রানী মুখার্জি বলেন, ‘সত্যি বলতে, কীভাবে পারফর্ম করেছিলাম, এখন আর তা মনে নেই। তখন বয়স ছিল মাত্র ১৭, ওটার আগে জীবনেও মিনি স্কার্ট পরিনি।’ তবে প্রথমবারের মতো মিনি স্কার্ট পরেও দারুণ পারফর্ম করার কৃতিত্ব সিনেমার পুরো টিমকে দেন রানী।

রানী বলেন, ‘শাহরুখ খান, কাজলদি, করণ (জোহর), ফারাহ (খান)—সবাই আমাকে সহযোগিতা করেছিল। বিশেষ করে করণ আমাকে সাহস দিয়েছিল। যখন আমি নিজেকে পর্দায় দেখি, চমকে উঠেছিলাম।’

রানী মুখার্জির সর্বশেষ সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে। তবে লড়াকু মায়ের চরিত্রে রানীর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Back to top button