বিনোদন

কোটি কোটি টাকা আয় করেও খুবই সাধারণ জীবনযাপন, উপার্জিত অর্থ কীভাবে ব্যয় করেন অরিজিৎ?

শুধু ভারত নয় সারা বিশ্বে রয়েছে তার অসংখ্য ভক্ত। বাংলার গর্ব ইনি হলেন গায়ক অরিজিৎ সিং। বলা চলে ভারতের সংগীত জগতের বাদশা হলেন অরিজিৎ। আর তার গান প্রতিবারই মুগ্ধ করে ভক্তদের। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং কিন্তু সম্পূর্ণ একজন মাটির মানুষ। বিলাসবহুল জীবনযাপনের বদলে খুব সাধারণ জীবনযাপন করাই পছন্দ করেন এই গায়ক। তারকা হিসেবে কোনো অহংকার নয়, বরং ফিল্মি দুনিয়ার চাকচিক্য থেকে শত হাত দূরে থাকতে পছন্দ করেন তিনি। তাই বলে সম্পত্তির পরিমাণ মোটেও কম নয় অরিজিতের। এদিক থেকে তিনি ছাড়িয়ে যেতে পারেন বড় বড় বলিউড তারকাদেরও।

দেশবিদেশে শো করে, সিনেমার গান গেয়ে যে অর্থ উপার্জন করেন তা কীভাবে ব্যয় করেন অরিজিৎ? সূত্রের দাবি, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকার। শোনা যায়, গানপ্রতি তিনি নেন ১৫ থেকে ২৫ লাখ টাকা। এছাড়াও রয়েছে লাইভ শো। শোপ্রতি যে পারিশ্রমিক নেন তাতে কিছুটা তারতম্য হলেও মোটামুটি কোটির ওপরেই থাকে সেই অঙ্ক। অনেকেই হয়ত জানতে আগ্রহী, অর্জিত এই বিপুল পরিমাণ অর্থ গায়ক খরচ করেন কীভাবে? নিজের আয়ের অর্থ কোনো বিলাসবহুল জীবনযাপনে নয়, বরং সমাজের কল্যাণেই খরচ করেন অরিজিৎ।

শৈশবে যে স্কুলে পড়েছেন, সেই জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের সভাপতির দায়িত্ব নেন অরিজিৎ। স্কুলের উন্নয়ন বিষয়ে উদ্যোগী হয়েছেন তিনি। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল স্কুলের খেলার মাঠ। অরিজিতের তত্ত্বাবধানে সেই মাঠ ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সেই মাঠ।

এছাড়াও অরিজিতের নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। জিয়াগঞ্জে উন্নত হাসপাতাল করার চিন্তাভাবনাও রয়েছে তার। মুর্শিদাবাদে করোনার সময় চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে অর্থ সাহায্যও করেছেন গায়ক। এছাড়াও অরিজিৎ তার উপার্জনের একটা বড় অংশ জিয়াগঞ্জের হাসপাতালের উন্নয়নে, দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসায় এবং গানের স্কুল নির্মাণে ব্যয় করেন। এছাড়াও জিয়াগঞ্জে বিনামূল্য ইংরেজি শিক্ষার কোচিং চালু করেছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগেও শামিল হন তিনি।

Back to top button